রাজধানীর উত্তরা এলাকায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই ত্বাসীন হকের ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার তদন্তে অগ্রগতি হওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ডাকাতির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের পরিচয়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ এবং ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল (শনিবার) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেফতার অভিযান, উদ্ধার হওয়া আলামত এবং ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে ডিএমপি অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।
পাম্পটির মালিকানায় যুক্ত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ত্বাসীন হক ডেল। তার মা বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।


