রাজধানীর বনানীতে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। তারা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) ও সোনিয়ার ভাই রাসেল (৪০)।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সাথে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধের বিষয়ে সাক্ষাতের কথা ছিল।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে, আরিফ সাত থেকে আটজন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো: জানে আলম বলেন, তাদের মধ্যে টাকা-পয়সা দেনা-পাওনা নিয়ে বিরোধ ছিল। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র : ইউএনবি



