বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ ইসলাম অপহরণের ঘটনায় এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Batiaghata

খুলনার বটিয়াঘাটায় আব্দুল ওহাব মল্লিক (৭৭) নামে এক বৃদ্ধকে অপহরণ করে মারধর, কুপিয়ে জখম ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বুধবার সকালে বটিয়াঘাটা থানায় এজহার দায়ের করেছেন।

এজাহারে মো. রাকিব সরদার এবং অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করা হয়েছে। তবে সকালে এজাহার জমা দেয়া হলেও রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের গাওঘরা জামে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের হাবিব সরদারের ছেলে রাকিব সরদার (৩০) ও তার কয়েকজন সহযোগী আব্দুল ওহাব মল্লিকের পথরোধ করেন। পরে তারা তাকে ইজিবাইকে ওঠার জন্য বলেন। তিনি ইজিবাইকে উঠতে না চাইলে অভিযুক্তরা তার মুখে গামছা গুঁজে ও চোখ বেঁধে জোরপূর্বক ইজিবাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এজাহারে আরো বলা হয়, পরদিন সোমবার (২০ জুলাই) রাত ৮টার দিকে অভিযুক্তরা আব্দুল ওহাব মল্লিককে উপজেলার কাতিয়ানাংলা গ্রামের খোড়ের গেট নামক স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরে তিনি জানতে পারেন, অভিযুক্তরা তার পুত্রবধূর কাছে ‘Jweyl’ নামের একটি ই-মেইল আইডি থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।

অভিযোগে বলা হয়, অপহরণকারীরা আব্দুল ওহাব মল্লিককে অজ্ঞাত স্থানে আটকে রেখে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাকে হত্যার হুমকিও দেয়া হয়। অপহরণকারীদের কবল থেকে মুক্ত হওয়ার পর তাকে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা মঙ্গলবার (২১ জুলাই) তাকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান।

এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ ইসলাম অপহরণের ঘটনায় এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করে জানান, মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সকালে এজাহার দাখিল করা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত মামলা গ্রহণ না করার ব্যাপারে জানতে চাইলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, ‘আমি একটু বাইরে আছি, বিষয়টি দেখছি’।