ডিএমপির অভিযানে রাজধানীতে আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েক শ’ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েক শ’ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।

গত ১২ সেপ্টেম্বর গুলশানে মিছিলের ঘটনায় ৪০ জনকে এবং ১৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করে ডিএমপি। এ নিয়ে মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।