রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় চলন্ত রিকশা থেকে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছে শাহবাগ ট্রাফিক পুলিশ।
আটককৃতের নাম মনির হোসেন (৩৬)।
শাহবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক ২টায় গোলাপ শাহ মাজার ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট রানা পাল দেখতে পান, এক ব্যক্তি চলন্ত রিকশায় থাকা এক নারী যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করছে। বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন। পরে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
উদ্ধার চেইনটি ভিকটিমকে বুঝিয়ে দেয়া হয়েছে। চেইনটি ফিরে পেয়ে ভিকটিম পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত মনির হোসেনকে শাহবাগ থানার হস্তান্তর করা হয়েছে।


