রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, মতিঝিল বিভাগে ৪০ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) নয়জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজন রয়েছেন।
অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



