ময়মনসিংহের গফরগাঁওয়ে মাওলানা ইউসুফ আলী নামে এক মসজিদের ইমামকে মারধর করার অভিযোগে অভিযুক্ত সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমসলন্দ পূর্বপাড়া মনজুরুল হকের বাড়ি থেকে অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করা হয়।
মরহুম করিম মাস্টার ছেলে সাইফুল বোখরা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ইউসুফ ওই এলাকায় মরহুম ইয়াকুব আলীর ছেলে। তিনি দারুল হুদা মহিউসসুন্নাহ পুখুরিয়া মাদরাসার নুরানি বিভাগের শিক্ষক ও বখোরা চৌরাস্তা জামে মসজিদে ইমামতি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ইমাম শুত্রুবার রাতে অভিযুক্ত সাইফুলকে আসামী করে গফরগাঁও থানায় মামলা করেন বলে জানিয়েছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আতিকুর রহমান।
মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বোখরা এলাকায় চৌরাস্তা জামে মসজিদের সামনে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ জানানোর অপরাধে মসজিদে ইমাম ইউসুফের ওপর চড়াও হয় সাইফুল। একপর্যায়ে ইমামকে মারধর করে এবং তার ডান চোখে আঘাত করে চোখ নষ্ট করে ফেলে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
ঘটনাটি জানাজানি হলে গফরগাঁওয়ে আলেম সমাজ মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার বিকেলে উলামা সমিতির এবং সকালে নাগরিক ব্যানারে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও রাতে আহত ইমামকে দেখতে যান জেলা দক্ষিণ বিএনপির দুই নেতা ডা: মোফাখখারুল ইসলাম রানা এবং অ্যাডভোকেট আল ফাতাহ খান।
ওসি আসম আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আহত ইমাম মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’



