লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী ঐক্য ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিনের পাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি এ ম্যারাথন আয়োজন করে।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয়।
পরে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে এসে ম্যারাথন শেষ হয়।
ম্যারাথনে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে নানা স্লোগান দেয়া হয়।
আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের উপরও এর প্রভাব পড়ে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করার পাশাপাশি, তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।
ম্যারাথনটি পরিচালনা করেন মোহাম্মদ আলী হোসাইন, কায়সার মাহমুদ, মোহাম্মদ মহসিন আকরাম, মো: মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট মোরশেদুল ইসলাম, হাফেজ আহমেদ, মামুনুর রশীদ, আব্দুল মোমেন ও সোহেলুর রহমান।
আয়োজকদের প্রত্যাশা, ইয়াছিনের পাড়ায় শুরু হওয়া এ সচেতনতামূলক কর্মসূচি পর্যায়ক্রমে বৃহত্তর এলাকায় ছড়িয়ে পড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
ম্যারাথনে স্থানীয় বিশিষ্টজন, তরুণ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


