খালিয়াজুরীতে দুর্বৃত্তদের হামলায় এনসিপি নেতা আহত

জুলাই পদযাত্রা উপলক্ষ্যে কর্মসূচির সভাস্থল পরিদর্শনের সময় দুর্বৃত্তদের হামলায় এনসিপি নেতা মুশফিকুর রহমান আহত হন। হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় এনসিপির নেতা-কর্মীরা।

এনসিপি নেতা মুশফিকুর রহমান
এনসিপি নেতা মুশফিকুর রহমান |নয়া দিগন্ত

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব ও খালিয়াজুরী উপজেলা কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার বালুর চরের মাঠে একটি রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপির দলীয় সূত্র জানায়, আগামী ২৪ জুলাই কেন্দ্রীয় নেতা-কর্মীদের জুলাই পদযাত্রা কর্মসূচির সভাস্থল পরিদর্শন করার লক্ষ্যে আজ বেলা ১১টার দিকে খালিয়াজুরী উপজেলা সদরের সহকারী কমিশনার ভূমি অফিস সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে উপজেলা বালুর চরের মাঠে একটি রেস্টুরেন্টে এই হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয় নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা নেয়া হয়।

মুশফিকুর রহমান এ বিষয়ে বলেন, ‘আমি কাউকে চিনতে পারি নাই। তবে খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীনকে আমি ফোনে বিষয়টি অবগত করেছি।’

মুশফিকুর রহমান আরো বলেন, ‘আগামী ২৪ জুলাই এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ নেত্রকোনা সদর ও খালিয়াজুরীতে কর্মসূচির অংশ হিসেবে এ সফর করা হয়।’

খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দীন বলেন, ‘আমাকে ফোন করে জানানো হলে, আমি আমার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে পাঠিয়েছি। তিনি তার পুলিশ বাহিনীর সদস্যসহ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তারা জানায়, বাম হাতে সামান্য আঘাত পেয়েছে। প্রাথমিকভাবে খালিয়াজুরী উপজেলা হাসপাতালে চিকিৎসার পরে তাকে নেত্রকোনায় পাঠানো হয়েছে। এ বিষয় থানায় অভিযোগ করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ’

পরিদর্শনের সময় নেত্রকোনা জেলার এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক জামিল ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল উপস্থিত ছিলেন। হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায় এনসিপির নেতা-কর্মীরা।