শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩০ মে ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: ইকবাল হোসেন কনফারেন্স রুমে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সিকৃবি ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য মোছা. তাহসিনা রুশদির লুনা, এমপি।
এছাড়া সভায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও সোনালী দলের সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: রুহুল আমিন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একইসাথে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।



