ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দু’দেশের বন্দর অভ্যান্তরে দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাক জট। তবে পাসপোর্টযাত্রী যাতায়াত রযেছে স্বাভাবিক।
শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ‘ভারতে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধের ফলে দু’দেশের বিভিন্ন স্থান থেকে আসা পণ্য বোঝায় ট্রাকের জট বাড়ছে বন্দর অভ্যান্তরে। ’
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।


