সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা : নাসিরুদ্দীন পাটওয়ারীসহ আহত ২

রাত ১০টা ৫০ মিনিটে নাসিরুদ্দীন পাটওয়ারী এবং রাত ১১টা ১১ মিনিটে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ফেসবুকে একই ভিডিওসহ হামলার অভিযোগ করেন।

Location :

Sylhet
ভিডিওতে একটি গাড়ির কাচ ভাঙা এবং দুই ব্যক্তির রক্তাক্ত হাত দেখা যায়
ভিডিওতে একটি গাড়ির কাচ ভাঙা এবং দুই ব্যক্তির রক্তাক্ত হাত দেখা যায় |সংগৃহীত

সিলেট ব্যুরো জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুরে পদযাত্রা ও জনসভা শেষে নগরীতে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ঢিল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

শুক্রবার (৩১ জুলাই) রাতের এ ঘটনায় গাড়ির কাচ ভাঙচুর করা হয় বলেও দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

রাত ১০টা ৫০ মিনিটে নাসিরুদ্দীন পাটওয়ারী এবং রাত ১১টা ১১ মিনিটে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ফেসবুকে একই ভিডিওসহ হামলার অভিযোগ করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে বিএনপির ‘সন্ত্রাসী বাহিনী’ এনসিপির গাড়িবহরে হামলা চালায়। ভাঙা কাচে নাসিরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হন বলে তিনি দাবি করেন।

প্রকাশিত ভিডিওতে চলন্ত গাড়ির ভেতর থেকে ধারণ করা দৃশ্যে একটি গাড়ির কাঁচ ভাঙা এবং দুই ব্যক্তির রক্তাক্ত হাত দেখা যায়। তবে ভিডিওতে আহতদের চেহারা বা হামলাকারীদের শনাক্ত করার মতো কোনো দৃশ্য দেখা যায়নি।

এনসিপির স্থানীয় নেতারা জানান, জৈন্তাপুরের হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এনসিপির গাড়িগুলোকে সম্পূর্ণ পুলিশ প্রটোকলের মধ্যে উপজেলার শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দেয়া হয়েছে এবং পরে পার্শ্ববর্তী থানার প্রটোকলে তুলে দেয়া হয়। এ সময় হামলার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

এদিকে, নাসিরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে হামলার জন্য দায়ী করেন।

এনসিপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সাথে থাকা আরো একজন আহত হন। দুজনের হাত থেকেই রক্তপাত হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, ‘জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংঘঠনের কেউ এমন কাজ করতে পারে না। আমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ এমন কাজ করেছে। আমরাও এটি খতিয়ে দেখবো ইনশাআল্লাহ।’

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলা হয়।