কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোস্তাক মিয়া (৩৪) নামের এক অনলাইন ক্যাসিনো জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারির কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তাক ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। মোস্তাকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের আওতায় মামলা করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ভূরুঙ্গামারী উপজেলার আনাচে-কানাচেতে অনলাইন ক্যাসিনো বা জুয়া ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। অনলাইন জুয়ার প্রলোভনে পড়ে তরুণ ও যুবকসহ খেটে খাওয়া প্রান্তিক মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন।
পুলিশ জানায়, অনলাইন জুয়ার সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অনলাইন জুয়ার আগ্রাসন রোধ করতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই মো: সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দক্ষ একটি টিম গঠন করা হয়। টিমটি রোববার রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে মোস্তাক মিয়া নামের ক্যাসিনো সম্রাটকে গ্রেফতার করে। এসময় মোস্তাকের নিকট হতে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী ক্যাসিনো সম্রাট মোস্তাক মিয়া বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করত। ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করা সদস্যরা মোস্তাকের নিকট হতে টাকা আদান প্রদান করত।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে। এই সকল অপরাধে জড়িতদের ছাড় দেয়া হবে না।’



