সিলেট নগরীর উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

মতবিনিময়কালে নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী, কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়ন এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি মন্ত্রীর কাছে তুলে ধরেন।

রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সিসিক প্রশাসকসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌজন্য বিনিময় করেন।

মতবিনিময়কালে নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী, কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। বিগত দিনের অনিয়ম ও স্থবিরতা কাটিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের প্রত্যক্ষ সেবা নিশ্চিত করার একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর উন্নয়ন, নগরীর অবকাঠামো এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। একই সাথে নগরীর উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে নাগরিক সেবা আরো কার্যকর করতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী দেশের সব সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।