সিলেট মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৬০ জনকে আটক করা হয়েছে।
এর আগে, দুপুরে এসএমপির সাথে বৈঠকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হুঁশিয়ারি উচ্চারণের পরই এই অভিযানে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানকালে শাহপরাণ রহ: থানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকদের মধ্যে রয়েছেন, এয়ারপোর্ট থানায় ১৯ জন, জালালাবাদ থানায় ১২ জন, দক্ষিণ সুরমা থানায় ১০ জন, কোতোয়ালি মডেল থানায় ৮ জন, শাহপরাণ রহ: থানায় ৮ জন ও মোগলাবাজার থানায় ৩ জন।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শনিবার দুপুরে এসএমপির সাথে এক মতবিনিময় সভায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির মাদকের আনাগোনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান তুলে ধরেন এবং এ ব্যাপারে হুঁশিয়ারি দেন।
সভা শেষ হওয়ার পরই পুলিশ বিশেষ চিরুনি অভিযানে নামে এবং ৬০ জনকে আটক করে।



