দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করছে জামায়াত : হাবিবুর রহমান

জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান বলেছেন, অন্যায়, অপশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে জামায়াত কাজ করছে এবং কর্মীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বৈশ্বিক জ্ঞান অর্জন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘অন্যায়, অপশাসন ও দুর্নীতিমুক্ত শান্তিময় সমাজ গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছে জামায়াত। তাই এ আন্দোলনের সকল কর্মীদেরকে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বৈশ্বিক সব ধরনের জ্ঞানে দখল রাখতে হবে।’

সোমবার (২২ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত কর্মী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব দেখিয়ে দিয়েছে এদেশে পুরনো ধারার প্রচলিত রাজনীতি অচল। কিন্তু বর্তমান সরকার ও সরকারি দল অনেক ক্ষেত্রেই সেই পুরনো পথেই হাঁটছে। তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়ে খুন, দখল আর জবরদস্তির রাজনীতি শুরু করেছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে সবার উচিত দীর্ঘদিনের ফ্যাসিবাদের গড়া নষ্ট রাজনীতির ধারা থেকে বের হয়ে আসা। আগামীর রাজনীতির অঙ্গীকার হোক রাষ্ট্র ও জনগণের কল্যাণে।’

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমির মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তুরাবের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক হাকিম নাজিম উদ্দিন। এছাড়াও সভায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

প্রেস বিজ্ঞপ্তি