ইতালিতে ছুরিকাঘাতে একই পরিবারের ৩ বাংলাদেশী নিহত

ইতালির রোমে একটি অ্যাপার্টমেন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিন বাংলাদেশী নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে, আর আহতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
ইতালিতে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাংলাদেশী পরিবারের ৩ সদস্য
ইতালিতে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক বাংলাদেশী পরিবারের ৩ সদস্য |নয়া দিগন্ত

ইতালিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাত তিন বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের সদস্য। এর ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরো এক সদস্য।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টায় রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ার সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় বাবুলের ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এসময় তারা বাবুল, তার স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে এসে রুমে প্রবেশ করার সময় বিষয়টি টের পান। এ সময় দুর্বৃত্তরা দ্রুত বের হওয়ার সময় অয়নকেও কুপিয়ে জখম করে। পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো: নুরুল হাকিম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি শুনেছি। নিহতের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হবে।