পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পর্যটক ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর এলাকার আমির হোসেনের ছেলে।
অন্যদিকে এ ঘটনায় আহতরা হলেন রাব্বি (১৮), আবির (১৬) এবং পথচারী মিম (১৮)।
সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঘুরতে সকালে শরীয়তপুর থেকে তিন বন্ধু জিসান, রাব্বি ও আবির কুয়াকাটায় যান। পরে তারা একটি মোটরসাইকেলে মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওনা দেন। পথে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির চালক জিসান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটির সাথে সড়কের পাশের একটি গাছের সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ও পথচারীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কটিতে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।



