হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলম চান আবুনি (৬৫) নামে এক সাবেক নারী ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ১১ নম্বর ব্রাহ্মণডোরা ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে বাবুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শনিবার বিকেলে একই গ্রামের ফারুক মিয়াসহ কয়েকজনের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার মাকে শারীরিকভাবে আঘাত করলে তিনি বুকে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



