বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বিসিসির উদ্যোগে বরিশালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে
বিসিসির উদ্যোগে বরিশালে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে |নয়া দিগন্ত

বরিশাল নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নগরের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশা নিধনে ওষুধ ছিটানো হয়। বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানটির সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় সিটি করপোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল বাশার ও নির্বাহী প্রকৌশলী মো: মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো: জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো: ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেয়া ও মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, সোমবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়েছেন মোট সাত হাজার ৩৯৫ জন রোগী।