সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে ঘুড়িদহ ইউনিয়নের তেনাছিড়া বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: মিজানুর রহমান।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় তেনাছিড়া বিলের বিভিন্ন স্থানে ব্যবহার করা ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: মিজানুর রহমান বলেন, ‘চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার ফলে মাছের পোনা, দেশীয় প্রজাতির মাছ ও অন্য জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’



