ঝালকাঠির সদর উপজেলার ভিমরুলী এলাকায় খালে গোসল করার সময় আমগাছ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কিশোর মো: সানির (১৩) লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।
এর আগে, একইদিন দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে নিখোঁজ হয় কিশোর সানি।
নিহত কিশোর মো: সানি সেরাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো: সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, শনিবার বেলা ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরের খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারের উত্তর পাশের নদীতে গোসল করতে নামে তারা।
গোসলের একপর্যায়ে মো: সানি খালপাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। পরে তার সাথে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে খুঁজে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করে তারা।
খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোর সানিকে উদ্ধার করতে সক্ষম হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, নিখোঁজ কিশোরকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।



