মাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা : জনতার ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে থাকে ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নয়া দিগন্ত

বরিশাল সফরে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ। সফরকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়েজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

সোমবার সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় পৌঁছালে আগে থেকেই সড়কের দুই পাশে অবস্থান নেয়া বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বিশেষ বাসের ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন তিনি।

অভ্যর্থনা অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা অতিক্রম করে দক্ষিণবঙ্গের বরিশালের গৌরনদীর উদ্দেশে যাত্রা করে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে থাকে ।

জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একইসাথে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।