১৫ আগস্ট ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রংপুর মহানগরীতে বিশেষ মহড়া দিয়েছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিটি ইউনিটের গাড়ি ও মোটরসাইকেল নগরীর প্রধান প্রধান সড়কে মহড়া দেয়।
এছাড়া শাপলা চত্বর, মেডিক্যাল মোড়, টার্মিনালসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় পুলিশ। হুইসেল বাজিয়ে পুলিশের এই বিশেষ মহড়ায় সতর্ক হয়ে ওঠে নগরবাসী। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় প্রধান সড়ক।
অভিযানে নেতৃত্ব দেয়া রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি যেন কোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য মহানগর পুলিশ সচেষ্ট। নগরীতে অন্তত শতাধিক পয়েন্টে এরই মধ্যে বসানো হয়েছে চেকপোস্ট।
তিনি বলেন, বিশেষ মহড়া দিয়ে আমরা নগরবাসীকে জানিয়ে দিলাম, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা প্রস্তুত। যেকোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনার পরিকল্পনা কিংবা ঘটানোর চেষ্টা করার সাথে সাথে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। আমি নগরবাসীকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।


