চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ ফারুককে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) ভোরে রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের একটি এলাকায় ওই শিক্ষার্থীকে জোরপূর্বক আটকে রেখে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আসামি ফারুককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ফারুক ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মামলার তদন্তও এগিয়ে চলছে।’
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



