মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ মো: এছাহাক সরদারের (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Kalkini
মৃত মো: এছাহাক সরদার (৭৫)
মৃত মো: এছাহাক সরদার (৭৫) |নয়া দিগন্ত

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ মো: এছাহাক সরদারের (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহতের পরিবার জানায়, পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এছাহাকের সাথে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন পূর্বশত্রুতা চলছিল। গত ২২ আগস্ট রাতে এছাহাক মোল্লা একা দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝালু মোল্লার নেতৃত্বে পূর্বপরিকল্পনামতো ওত পেতে থাকা তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ বেশ কয়েকজন মিলে এছাহাকের পথরোধ করে অতর্কিতভাবে এছাহাক সরদারকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা রাসেল সরদার জানান, আমার চাচা এছাহাক সরদারকে একা পেয়ে ঝালু মোল্লা ও তার লোকজন কুপিয়ে জখম শেষে দুই পায়ের রগ কেটে দেয়। এতে করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পরের দিন ২৩ আগস্ট পুনরায় ঝালু মোল্লার নেতৃত্বে দেলোয়ার হাওলাদারসহ বেশ কয়েকজন বৃদ্ধ এছাহাকের বাড়ির সামনে দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুটি বসতঘর ভাঙচুর করে। তাদের বাধা দিলে জাহিদ খান, রাজিব সরদার, নাজমুল বেপারী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছিল।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, আগে থানায় মারামারির মামলা হয়েছিল। এখন নতুন করে নিহতের পরিবারের পক্ষ চাইলে হত্যা মামলা নেয়া হবে।