নাটোরে ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু

শনিবার মালঞ্চি হাটবার হওয়ায় তিনি গরু কেনা-বেচার জন্য এসেছিলেন। গরুর হাটটি রেললাইনের পাশে হওয়ায় তিনি ওই সময় মোবাইলে কথা বলার জন্য রেললাইনে আসেন।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Bagatipara
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মো: মধু (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মধু পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

জানা যায়, নিহত মধু পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু কেনা-বেচার উদ্দেশ্যে তিনি নিয়মিত মালঞ্চি গরুর হাটে আসতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মালঞ্চি হাটবার হওয়ায় তিনি গরু কেনা-বেচার জন্য এসেছিলেন। গরুর হাটটি রেললাইনের পাশে হওয়ায় তিনি ওই সময় মোবাইলে কথা বলার জন্য রেললাইনে আসেন। এ সময় লাইনের উপর বসে কথা বলছিলেন তিনি। একপর্যায়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।