বরিশালের গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের অপহৃত স্কুলছাত্রীকে অপহরণের এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। বাদির অভিযোগ- অপহরনের ঘটনায় গৌরনদী মডেল থানায় ৭ জনকে আসামি করে মামলা করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরছেন।
মামলার বাদি স্কুলছাত্রীর বাবা মো: নুরুল আমিন সরদার অভিযোগ করে বলেন, আমার মেয়ে অপহরণের এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
তিনি দাবি করেন- মামলার আসামি শাহারিয়ান নাফিজ (১৮), নাছিমা বেগম (৩৫), সাইফুল মনির (৪৫), নুরুল ইসলাম হালান সরদার (৪০), বেল্লাল সরদার (৩০), সাথী বেগম (২৫) ও তানিয়া বেগম (৩২) প্রকাশ্যে ঘুরছেন।
এজাহার সূত্রে জানা যায়, গৌরনদী পৌর এলাকার ৬নং ওয়ার্ড শাওড়া গ্রামের বাসিন্দা মো: নুরুল আমিন সরদারের মেয়ে ও গৌরনদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী জিনিয়া ইসলাম অর্পিকে স্কুলে আসা যাওয়ার পথে টিখাসার গ্রামের সাইফুল ইসলাম মনিরের ছেলে শাহারিয়ান নাফিজ প্রেমপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে অপহরণের হুমকি দেয়া হয়। মেয়ের পরিবার বিষয়টি একাধিকবার শাহারিয়ান নাফিজের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করায় সে আরো বেপরোয়া হয়ে ওঠেন এবং সহযোগীদের নিয়ে গত ৬ মে স্কুলছাত্রীকে অপহরণ করেন শাহরিয়ান নাফিজ।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।



