কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে চাচা খুন

ব্যবসা পরিচালনার জন্য কিছুদিন আগে চাচা নিয়ামতের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন ইরশাদ। দীর্ঘদিন পরেও সেই টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ইতোপূর্বেও এ নিয়ে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
কালীগঞ্জ থানা
কালীগঞ্জ থানা |নয়া দিগন্ত

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজা ইরশাদ আলীর কিল-ঘুষি ও লাঠির আঘাতে চাচা নিয়ামত আলী (৬৫) খুন হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিয়ামত ওই গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত ইরশাদ তার আপন ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, কামালহাট গ্রামে অভিযুক্ত ইরশাদের একটি দোকান রয়েছে। ব্যবসা পরিচালনার জন্য কিছুদিন আগে চাচা নিয়ামতের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন ইরশাদ। দীর্ঘদিন পরেও সেই টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ইতোপূর্বেও এ নিয়ে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে নিয়ামত আবার ভাতিজা ইরশাদের কাছে তার পাওনা টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ইরশাদ। একপর্যায়ে তিনি বৃদ্ধ চাচাকে লক্ষ্য করে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এতে নিয়ামত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই অভিযুক্ত ইরশাদ এলাকা ছেড়ে পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ইরশাদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতিসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।