আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারায় প্রায় সাত হাজার ৭৪৪ জন মৎস্যজীবী রয়েছেন। মাছ আহরণ বন্ধের সময়ে মৎস্যজীবীরা যে সহযোগিতা পান, তা পর্যাপ্ত না হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মৎস্যজীবীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, আগের তালিকায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে এবং যারা আগে সহযোগিতা পাননি, তাদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো: আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় নগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার দেয়া হয়। পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।



