সিলেট ব্যুরো ও কানাইঘাট সংবাদদাতা
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ তরুণ প্রবাসীর জানাজার নামাজ একইসাথে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ২টায় উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নস্থ আকুনি মাদরাসা মাঠে জানাজার নামাজে এলাকার হাজার হাজার শোকার্ত মানুষ অংশ নেন। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আহাজারি ছড়িয়ে পড়ে শোকার্ত মানুষের মধ্যে।
জানাজার নামাজে ইমামতি করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হোসেন।
জানাজায় অংশ নিতে এবং লাশ একনজর দেখতে হাজার হাজার মানুষ মাঠে উপস্থিত হন। জানাজার নামাজ শেষে নিজ নিজ মহল্লার কবরস্থানে তাদের দাফনকাজ সম্পন্ন হয়েছে।
গত ২০ জুন কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ ও নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ। তাদের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে।
নিহত পাঁচ প্রবাসীর লাশ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লাশগুলো তাদের স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।
পরে সকাল ১১টার দিকে লাশগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে এলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারী আর বুকফাটা কান্নার আর্তনাদে ভারী হয়ে উঠে এলাকার বাতাস।
প্রিয়জনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা-বাবা ও স্ত্রী-সন্তানরা।
স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে জানান, কানাইঘাটের এই পাঁচ যুবক পরিবারের স্বপ্ন পূরণ ও ভবিষ্যতের শান্তির আাশায় কাতারে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের সেই স্বপ্নগুলো আজ কফিনবন্দী।



