‘যথাসময়ে’ পায়নি টিকা, হাম উপসর্গে যমজ ২ ভাইয়ের মৃত্যু

‘সরকার যখন বিভিন্ন এলাকায় হামের টিকা দিচ্ছিল, তখন টিকা দেয়ার জন্য আমার দুই শিশুকে নিয়ে যাই। টিকার দায়িত্বে থাকা কর্মীরা বলেন টিকা শেষ হয়ে গেছে। আমি আর আমার ছেলেদের টিকা দিতে পারি নাই।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
হাম উপসর্গে নিহত যমজ দুই শিশু
হাম উপসর্গে নিহত যমজ দুই শিশু |নয়া দিগন্ত

টিকা দিতে গিয়েও ‘যথাসময়ে’ হামের টিকা না পাওয়ায় চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হাম উপসর্গে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মো: নোমানের মৃত্যু হয়। মাত্র ১৫ দিন আগে বড় ভাই ফাহিম হাম উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের দু’জনের বয়স দেড় বছর।

যমজ দুই শিশু ফাহিম ও নোমান উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া এলাকার হারুন উর রশিদের ছেলে। অল্প দিনের ব্যবধানে দুই শিশুসন্তানকে হারিয়ে মা-বাবা দু’জনে বাকরুদ্ধ।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশুর বাবা হারুন উর রশিদ বলেন, ‘সরকার যখন বিভিন্ন এলাকায় হামের টিকা দিচ্ছিল, তখন টিকা দেয়ার জন্য আমার দুই শিশুকে নিয়ে যাই। টিকার দায়িত্বে থাকা কর্মীরা বলেন টিকা শেষ হয়ে গেছে। আমি আর আমার ছেলেদের টিকা দিতে পারি নাই। কিছুদিন পর যমজ দুই ছেলের মধ্যে বড় ছেলে মো: ফাহিম অসুস্থ হয়ে পড়ে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘ফাহিমের মৃত্যুর পর ডাক্তাররা বলেন নোমানের অবস্থা ভালো না, তাকে দ্রুত ঢাকা নিয়ে যান। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকা নিয়ে যাই। সেখানে বিভিন্ন হাসপাতালে ঘুরাঘুরি করে সিট না পেয়ে পরবর্তীতে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। সেখানে আট দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে নোমানও মারা যায়। মাত্র ১৫ দিনের ব্যবধানে আমার যমজ দুই শিশুসন্তানকে হারিয়েছি। মনকে কোনো কিছুতে সান্ত্বনা দিতে পারছি না।’

তাকিয়াপাড়া নূরানী মাদরাসার শিক্ষক মো: কাউসার বলেন, ‘বড়তাকিয়া বাজারের ব্যববসায়ী হারুন উর রশিদ ভাইয়ের যমজ দুই শিশু হামের উপসর্গ নিয়ে ১৫ দিনের ব্যববধানে মারা গেছে। সরকারের কাছে আবেদন করব প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যেন পর্যাপ্ত পরিমাণে হামের টিকা রাখা হয়।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নাছির উদ্দিন বলেন, ‘হামের উপসর্গ নিয়ে মিরসরাইয়ে দুই শিশুর মৃত্যুর এমন তথ্য আমাদের জানা নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে এমন রোগীর তথ্য থাকে।’

টিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

এই বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নাম্বারে একাধিকবার ফোন দিয়ে এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।