রামুতে ট্রেনে কাটা পড়ে মাইক্রোবাস চালকের মৃত্যু

রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারগামী একটি ট্রেনে কাটা পড়েন আবদুল্লাহ। তবে তিনি অসাবধানতাবশত নাকি অন্য কোনো কারণে ট্রেনের সামনে পড়েন, তা নিশ্চিত হওয়া যায়নি।

Location :

Cox's Bazar
রেললাইনে পুলিশ ও উৎসুক জনতা
রেললাইনে পুলিশ ও উৎসুক জনতা |নয়া দিগন্ত

রামু (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো: আবদুল্লাহ (৪০) নামে এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবদুল্লাহ উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোহাগপাড়া এলাকার মরহুম ছফর মিয়ার ছেলে।

তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (এমইউপি) দিদারুল আলম জানান, সকালে বাইপাস এলাকার একটি রেস্তোরাঁয় নাস্তা শেষ করে মেরংলোয়ায় নিজ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন আবদুল্লাহ। পথিমধ্যে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কক্সবাজারগামী একটি ট্রেনে কাটা পড়েন। তবে তিনি অসাবধানতাবশত নাকি অন্য কোনো কারণে ট্রেনের সামনে পড়েন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রামু রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’