ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর পঞ্চাশ এলাকার বংশী নদীতে গোসল করতে গিয়ে আব্দুস সালাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) আনুমানিক দুপুর ২টার দিকে বন্ধুদের সাথে বংশী নদীতে গোসল করতে যায় আব্দুস সালাম। একপর্যায়ে নদীতে লাফ দিলে সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ২টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধামরাই ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং অধিদফতরের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ ২৬ ঘণ্টা পানির নিচে অনুসন্ধান চালানোর পর, নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কিশোরটির লাশ ভেসে ওঠে। পরে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ ফায়ার সার্ভিসের বডি ব্যাগে ভরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আব্দুস সালাম ধামরাই উপজেলার ইসলামপুর পঞ্চাশ এলাকার বাসিন্দা আব্দুস সেলিম খানের ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



