মুন্সীগঞ্জের সিরাজদিখানে নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে পকেট তৈরি করে বালু ভরাটের অভিযোগে চৌধুরী মডেল কোল্ড স্টোরেজকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। অভিযানে তার সাথে সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে পকেট তৈরি করে বালু ভরাটের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চৌধুরী মডেল কোল্ড স্টোরেজের পক্ষে জনাব মাসুদ রানাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, নদী, খাল ও জলাশয় রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


