কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রামু উপজেলার কলঘর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাদের নিরাপদে বের করে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পর বাসটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।
বাসের যাত্রী মোর্শেদ জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত জানালার কাচ ভেঙে ফেলায় যাত্রীরা বাস থেকে বের হতে সক্ষম হন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরে বিকল্প পরিবহনের ব্যবস্থা করে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।



