কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন, কৃষকদের স্বস্তি

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল ও ইউনিয়ন বিএনপি সভাপতি মনিবর রহমান খন্দকার বলেন, বিগত ১৫ বছর ধরে এলাকার মানুষ এ খালটি পুনঃখননের দাবি জানিয়ে আসলেও তা করা হয়নি, উল্টো বেদখল হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে এটি সচল হওয়ায় এলাকায় কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

Location :

Patuakhali
খাল পুনঃখনন এলাকায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও স্থানীয়রা
খাল পুনঃখনন এলাকায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও স্থানীয়রা |নয়া দিগন্ত

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখননের কাজ শেষ হয়েছে। ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলাপাড়া সফরে এসে হাড়িপাড়া থেকে বৌদ্ধপাড়া পর্যন্ত এ খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে মৃতপ্রায় খালটিতে পুনরায় পানির প্রবাহ ফিরে আসায় স্থানীয় কৃষকদের স্বস্তি প্রকাশ করতে দেখা যায়।

শুক্রবার (১৭ জুলাই) সরেজমিনে উপজেলার বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া স্বনির্ভর খাল পুনঃখনন এলাকায় গেলে স্থানীয় কৃষকরা তাদের স্বস্তির কথা জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এক কোটি ৩৪ লাখ ২২ হাজার ২৯০ টাকা ব্যয়ে মিঠাগঞ্জ ও বালিয়াতলী ইউনিয়নের এক হাজার ৪৫০ মিটার খাল পুনঃখনন করা হয়েছে। খালের গভীরতা ১০ ফুট এবং উপরের প্রস্থ ৭০ ফুট।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন খালটি ভরাট ও দখলের কবলে থাকায় শুষ্ক মৌসুমে মিঠা পানির অভাবে এলাকার প্রায় পাঁচ হাজার একর জমি অনাবাদি পড়ে থাকত। লবণাক্ত পানির কারণে গবাদিপশু ও হাঁস-মুরগি মারা যেত।

তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ বি এম মোশাররফ হোসেনের উদ্যোগে খালটি পুনঃখনন করায় উপকূলীয় অঞ্চলের ১৪টি গ্রামের মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন।

মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল ও ইউনিয়ন বিএনপি সভাপতি মনিবর রহমান খন্দকার বলেন, বিগত ১৫ বছর ধরে এলাকার মানুষ এ খালটি পুনঃখননের দাবি জানিয়ে আসলেও তা করা হয়নি, উল্টো বেদখল হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে এটি সচল হওয়ায় এলাকায় কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কাওছার হামিদ জানান, দীর্ঘদিনের বন্ধ পানি প্রবাহ সচল হওয়ায় স্থানীয় কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।

এমপি এ বি এম মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। নির্বাচনী এলাকার উন্নয়নে আরো বেশ কিছু খাল পুনঃখননের মাধ্যমে সচল করার পরিকল্পনা রয়েছে।