মাদারীপুরের শিবচরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে শিবচর পৌর বাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়জন ব্যবসায়ীকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে, অধিক মূল্যে সিগারেট বিক্রি, অনুমোদনহীন কসমেটিক পণ্য ও মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রিসহ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে সুলতান স্টোরের মালিক সুলতান বেপারীকে ১০ হাজার টাকা, সোহরাব স্টোরের মালিক সোহরাব হাওলাদারকে দুই হাজার টাকা, আঁখি বিউটি কর্নারের মালিক আল-আমিন খলিফাকে পাঁচ হাজার টাকা, ইকবাল কসমেটিকসের মালিক ইকবাল হোসেনকে পাঁচ হাজার টাকা, সাহা এন্টারপ্রাইজের মালিক নারায়ণ সাহাকে সাত হাজার টাকা ও উজ্জ্বল ট্রেডার্সের মালিক উজ্জ্বল কুণ্ডুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।



