নেত্রকোনার চল্লিশায় খাবার দিতে দেরি করায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে আবুনি ওরফে রুকশি (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আবুনি ওই গ্রামের শ্যামলালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্ত আবুনি একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়েই দিনাতিপাত করতেন। অন্যের বাসায় বুয়ার কাজ করে সংসার চালাতেন তিনি। কাজ শেষে বাসায় ফিরে রান্না-বান্না করতে প্রায়ই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত।
মঙ্গলবার কাজ শেষে বাড়িতে ফিরলে ছেলে শ্যামল মায়ের কাছে ভাত খেতে চায়। মা অপেক্ষা করতে বলায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা লোহার শাবল দিয়ে মায়ের ওপর আঘাত করতে থাকে। প্রথম আঘাতেই আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে এই দৃশ্য দেখে শ্যামলকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন সরকার বুধবার সকালে দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘মাকে হত্যার দায়ে বুদ্ধি প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছেলেক আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’



