চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল।

সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)

Location :

Chattogram
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস |সংগৃহীত

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭)। তাদের মামা মো: ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো: মুন্না। তারা সবাই কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এতে চারজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উদ্বারকারী পুলিশ সদস্য কর্ণফুলী থানার পুলিশ প্রদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।’