সৈয়দপুরে তালা কেটে ২ দোকানে কোটি টাকার চুরি

তালা কেটে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের কোটি টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

Location :

Saidpur
চুরি হওয়া দোকানের সামনের দৃশ্য
চুরি হওয়া দোকানের সামনের দৃশ্য |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে দিনে-দুপুরে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা কেটে কোটি টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে শহরের বৃহৎ শপিংমল সৈয়দপুর প্লাজায় এ ঘটনা ঘটে।

শপিংমলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকালে ওই শপিংমলের নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইল ফোন শোরুমের তালা কেটে চুরির ঘটনাটি ঘটে।

জুয়েলার্সের মালিক মিঠু জানান, ঘটনার দিন দোকান খুলতে এসে দেখেন তার দোকানের তালা কাটা ও চুরি শেষে চোরেরা নতুন তালা লাগিয়ে দেয়। তার দোকান থেকে বিপুল পরিমাণ রুপার গহনা চুরি হয়। যার বাজারমূল্য প্রায় ৪২ থেকে ৪৫ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

মোবাইল শোরুমের ম্যানেজার আব্দুল মমিন বলেন, ‘বিভিন্ন পাইকারি ব্যবসায়ীকে ডেলিভারি দেয়ার জন্য কোম্পানি থেকে গতকাল আমরা বিপুল সংখ্যক ফোন শোরুমে তুলি। চোরেরা শোরুমের তালা কেটে শতাধিক ফোন নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়াও চোরেরা ক্যাশবাক্স ভেঙ্গে ৬৫ হাজার টাকা নিয়ে যায়।’

ঘটনাস্থল পরিদর্শন করেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন তবে এ পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে।’

সৈয়দপুর প্লাজার একাধিক ব্যবসায়ীর অভিযোগ, শপিংমল কর্তৃপক্ষের নিরাপত্তা অবহেলার কারণে এ চুরির ঘটনাটি ঘটেছে। তাদের প্রশ্ন, ১১ জন সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে দিনের বেলা তালা কেটে কিভাবে চুরির ঘটনা ঘটে?

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আহমেদ জানান, বারবার বলার পরেও প্লাজার ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা-বন্ধে নিয়ম-কানুন মানেন না। একেক জন একেক সময় দোকান খোলেন বা বন্ধ করেন। এতে সিকিউরিটি গার্ডদের হিমশিম খেতে হয়। সিসিটিভি ফুটেজ দেখে থানায় অভিযোগ দিবেন বলে তিনি জানান।