চুয়াডাঙ্গার জীবননগরে একটি বন্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
মৃত রবিউল ওই এলাকার সালাম মোল্লারছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সোমবার তারা দিনভর তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন। গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়দের সন্দেহ হলে রাত সাড়ে ১১টার দিকে এক স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল বিভিন্ন পেশায় জড়িত থাকলেও সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর জের ধরে কিছুদিন আগে তিনি স্ত্রী, সন্তান ও মাকে বাড়ি থেকে বের করে দেন এবং ঘরে একাই বসবাস করছিলেন। ধারণা করা হচ্ছে, একা থাকা অবস্থায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। লাশটিতে পচন ধরায় অনুমান করা হচ্ছে ঘটনাটি অন্তত সপ্তাহখানেক আগের।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত দেহটি দেখতে পায় পুলিশ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে সুরতহাল শেষে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।



