ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির মাছভর্তি একটি পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায় নিহতদের লাশে স্বজনদের আহাজারি
ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায় নিহতদের লাশে স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একই পরিবারের আরো দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল এবং অটোরিকশা চালক মাহবুব (৪৫)।

এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও চার বছর বয়সী মেয়ে আদিবা। তাদের অবস্থার অবনতি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সরাইল বিশ্বরোডের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির মাছভর্তি একটি পিকআপ অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জোসনা বেগম, তার ছেলে আশরাফুল ও চালক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে পিকআপচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।