হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান ওমর ফের গ্রেফতার

শাহজাহান ওমরকে সকালে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় নেয়া হয়। তার উপস্থিতিতে মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
সাবেক মন্ত্রী শাহজাহান ওমর
সাবেক মন্ত্রী শাহজাহান ওমর |নয়া দিগন্ত

হত্যা মামলায় ঝালকাঠি–১ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে (বীর উত্তম) গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে কারাগারে পাঠানোর আদেশও দেয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শাহজাহান ওমরকে সকালে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় নেয়া হয়। তার উপস্থিতিতে মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক মহেশ চন্দ্র সিং বলেন, ‘মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া আসামি শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

২৪ আগস্ট শাহজাহান ওমরকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন। মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শ্যামলী ক্লাব মাঠসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন বরিশালের বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের মো: ইসহাক জমাদ্দার। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৫ সালের ২ জুলাই আদাবর থানার উপপরিদর্শক মো: আশরাফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজধানীর একাধিক থানায় করা বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।