নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিনজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
শনিবার দিনগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুজাইল বাজারে পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক সেবনরত অবস্থায় দূর্গাপুর গ্রামের আজিজ খানের ছেলে রিফাত খান(৩৯) কে ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে আরো ১০০টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন আলী (২৭) ও মেয়ে স্বপনা খাতুন (৩৫) কে মাদক সেবনরত অবস্থায় ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্বপনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০ টাকা অর্থদণ্ড এবং স্বপনা খাতুনকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আরো ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



