কাউখালীতে কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের আইডিসহ যুবক গ্রেফতার

মাদক ও অস্ত্র উদ্ধার বিশেষ অভিযানে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া আইডিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
গ্রেফতার শাওন ইসলাম অপু এবং ইনসেটে উদ্ধার অস্ত্র ও কার্তুজ
গ্রেফতার শাওন ইসলাম অপু এবং ইনসেটে উদ্ধার অস্ত্র ও কার্তুজ |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র ও পুলিশের ভুয়া আইডিকার্ডসহ মো: শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে মাদক ও অস্ত্র উদ্ধার বিশেষ অভিযানে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাওন কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের মরহুম শাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক নির্দেশনায় এবং কাউখালী থানার ওসির তত্ত্বাবধানে থানা পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি দল উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় শাওনকে নিজ বাড়ির দোতলা ভবনের ছাদ থেকে গ্রেফতার করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুইটি ছোড়া, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করা হয়।

কাউখালী থানার ওসি (তদন্ত) ইবাদ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শটগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া আইডিকার্ডসহ অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।’