তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শুষ্ক মৌসুমে নদীর পানি ধরে রাখতে তিস্তা ব্যারাজের ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে সরকার গঠিত কারিগরি কমিটি। আগামী বছর মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে সানিয়াজান নদীর ওপর সেতু নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিক। বিশেষ করে শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ ও সংরক্ষণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ জন্য বিদ্যমান ব্যারাজের ভাটিতে নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি।’
আসাদুল হাবিব দুলু বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও অবকাঠামোর পুনর্বাসন কার্যক্রমও চলছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং অবকাঠামো পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।’
পরে পাটগ্রাম থানা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী।
এর আগে সকালে হাতীবান্ধার ডাউয়াবাড়ি এলাকায় জেলার প্রথম সমতলের চা বাগান পরিদর্শন করেন তিনি।


