ফেনী জেনারেল হাসপাতালের জনবল সঙ্কটসহ সব ধরনের অভ্যন্তরীণ চিকিৎসাসেবার সমস্যাসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাসেবার খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যা নিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘রোগীদের দু:খ-দুর্দশা লাঘব করার জন্য যা কিছু করা প্রয়োজন তা আমরা করব। অনেকে ৫০০ শয্যা করার কথা বলেছেন, ৫০০ শয্যা নয়, আমাদের প্রধান উদ্দেশ্যে এই জেনারেল হাসপাতালকে মেডিক্যাল কলেজে রুপান্তর করা। আমরা সেই পদক্ষেপকে সামনে রেখে কাজ করছি। কিন্তু তার আগে এখানে যেসব সমস্যা রয়েছে। যেমন এখানে মেশিনারিজ নেই, ৬০০ ভর্তি রোগীর বিপরীতে জনবল কম। এগুলো নিয়ে একটা পরিসংখ্যান দিতে বলেছি, ওই পরিসংখ্যানের আলোকে আমরা এখানের চার এমপি রয়েছি। আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে সমাধান করব।’
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশ্বাস দিয়েছিলেন। এই হাসপাতালকে মেডিক্যাল কলেজ করবেন। উনি বেঁচে থাকলে এই হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নিত করতেন। ইনশাআল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার মায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আমরা আশা করি।’
রোগীদের সম্পর্কে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘রোগীদের কথা শুনতে হবে। রোগীরা অনেক কথা বলবে, কিন্তু তাদের কথা শুনতে হবে। তাদের কথা শুনতে না পারলে চাকরি ছেড়ে দেন। প্রয়োজনে অন্যরা আসবে। এরপরও রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে রোগীদের সচেতন করবেন।’
এমপি রেহানা আক্তার রানু বলেন, ‘আমরা কোনো বিষয়ে অভিযোগ যেন আর না শুনি। বিশেষ করে জরুরি বিভাগ নিয়ে অভিযোগ বেশি থাকে। আমরা এসব কথা শুনতে চাই না। আমরা চাই রোগীদের সেবা যেন নিশ্চিত করা হয়। আমাদের কোনো করণীয় থাকলে সেখানে অবশ্যই আমাদের কাজে লাগাবেন।’
এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, সিভিল সার্জন ডা: মো: আরিফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা ও হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: মোবারক হোসেন দুলাল।



