পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন দেয়া হয়েছে, কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বড় মাছুয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে আগুন দেয়া হয়। পরে সেখানে জামায়াত নেতাদের হুমকি দিয়ে আপত্তিকর পোস্টার দেখতে পায় স্থানীয় নেতা-কর্মীরা। এছাড়া তারা ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান লেখা আরো কিছু পোস্টার দেখতে পান।
এসব পোস্টারে জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি ও সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



