গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ঈদুল আজহার ছুটিতে মায়ের সাথে মামাবাড়ি ভাটিয়াপাড়ায় বেড়াতে গিয়েছিল সাদিয়া। শনিবার সকালে নানির সাথে বাড়ির পাশের রেললাইনের ধারে ঘুরতে বের হয় শিশুটি।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় সাদিয়া নামে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া নড়াইল জেলার লোহাগড়া এলাকার শিপন ফকিরের মেয়ে। শিপন ফকির পরিবার নিয়ে গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ঈদুল আজহার ছুটিতে মায়ের সাথে মামাবাড়ি ভাটিয়াপাড়ায় বেড়াতে গিয়েছিল সাদিয়া। শনিবার সকালে নানির সাথে বাড়ির পাশের রেললাইনের ধারে ঘুরতে বের হয় শিশুটি। একপর্যায়ে নানির অসাবধানতায় সাদিয়া রেললাইনের খুব কাছে চলে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।